Main Menu

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটককৃত ইমামের নাম সাদিকুর রহমান (৪২), তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশের কাছে ইমাম সাদিকুর রহমানকে হস্তান্তর করে গ্রামের লোকজন। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষে তার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মসজিদের আশপাশের বাড়ির লোকজন। ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই ইমামের বিরুদ্ধে।

ইমাম সাদিকুর রহমান ১১ মাস যাবত ইয়রাবাদ গ্রামের মসজিদের ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।

আটককতৃ ইমাম পুলিশ ও গ্রামবাসীর কাছে ওই কিশোরীর হাত ধরার কথা স্বীকার করে বলেছেন, ওই মেয়ে তার রুমে ঢুকেছিল, পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিল। তার হাত ধরা ছাড়া অন্য কিছু করেনি তার সাথে। আমি অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমরারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকান থেকে চা পাতা আনতে গিয়েছিল। এসময় ইমাম তাকে জোর করে তার রুমে টেনে নেয়। গ্রামের দুই স্কুল ছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে টেনে নিয়ে যেতে দেখেন। তারা ইমামের রুমের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে মারধর করে আটকে রেখে পুলিশকে জানান। পরে দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানান, তারা সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান ওই কিশোরীর হাত ধরে ইমামের রুমের ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথেই তারা আশপাশের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন ইমামের লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুইজন স্কুল ছাত্র এসে জানায় ইমাম সাব ওই মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে সবার উপস্থিতিতে ইমাম সাবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।

ওই কিশোরী স্থানীয়দের জানান, সকালে চা পাতা আনার জন্য দোকানে গিয়েছিল। এসময় মসজিদের ইমাম তার হাত ধরে রুমের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢাকার চেষ্টা করেছিল। চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রেখেছিল। পরে কয়েক মিনিট যাওয়ার পর সে মুক্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed