চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুই যাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।
বাসে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া জানান, তাঁর কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য যাত্রীদের নামিয়ে দিলেও তাঁকে নামায়নি। একপর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। বিষয়টি দেখে মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাঁদের লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়।
আতিক বলেন, দুইজনকে ফেলে দেওয়ার পর তিনি চিৎকার শুরু করেন। এ সময় একটি মাইক্রোবাস ঘটনাটি দেখে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করে। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তা না হলে তাঁকেও মেরে ফেলা হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে স্টাফরা আতিককে জিম্মি করেন। এ সময় মুকুল ও শাকিব প্রতিবাদ করে তাঁকে বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা জিগাতলা এলাকায় পৌঁছান। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাঁদের জানিয়েছেন, ওই দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনেRead More



Comments are Closed