Main Menu

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১৯

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৯ শিশু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৯৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩০৪ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৪৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৭১। এই সময়ে ১ হাজার ১৭২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৯৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১০ হাজার ৪০১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Share





Related News

Comments are Closed