Main Menu

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ, আট ও ১১ বছর বয়সী তিন শিশু এবং বিদ্যালয়ের এক শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্যান্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্রান্ট সাংবাদিকদের জানান, হামলায় নিহত তিন শিশুর বয়স যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। নিহত অপর ব্যক্তি বিদ্যালয়টির একজন শিক্ষক। সন্দেহভাজন হামলাকারী ব্যান্ড শহরেরই ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা সন্দেহভাজনকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখেন। পরে তিনি তার পিছু নিয়ে স্কুলের ভেতরে যান এবং তার মুখোমুখি হন। ওই ব্যক্তির গুলিতে সন্দেহভাজন আহত হয়। পরে হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ।

ব্যান্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার জানান, প্রথমে একটি গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই বিদ্যালয়ের ভেতরে বন্দুকধারী থাকার খবর জানিয়ে একের পর এক জরুরি ফোনকল আসতে থাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশ প্রথম ফোনকল পায়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা জানতে পারেন, সন্দেহভাজন হামলাকারী গুলিতে নিহত হয়েছে। সিএনএন ও সিবিএস নিউজও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এ ঘটনায় চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

ব্যান্ড শহরের সিলভার রেল প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়টিতে ৪০ জনের বেশি কর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হামলার পর বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বাসে করে নির্ধারিত একটি নিরাপদ স্থানে নিয়ে যান। সেখানে অভিভাবকেরা সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পান।

একটি গির্জার কাছে নির্ধারিত ওই স্থানে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। তাদের একজন ড্রু শার্প সিবিএস নিউজকে বলেন, তার বিশ্বাস, ছেলে নিরাপদে আছে। শার্পের ছেলে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

তিনি জানান, বাস থেকে প্রথমে ছোট শিক্ষার্থীদের এবং পরে বড় শিক্ষার্থীদের নামানো হচ্ছিল। এ কারণে সন্তানদের সঙ্গে দেখা করার জন্য অভিভাবকদের অপেক্ষা করতে হচ্ছিল।

ব্যান্ড-লা পাইন স্কুল জেলার সুপারিনটেনডেন্ট স্টিভেন কুক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় জেলার কর্মকর্তারা হতবাক ও শোকাহত। নিহতদের পরিবার এবং হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান তিনি।

কুকের ভাষায়, এ ঘটনায় পুরো এলাকার মানুষ গভীর শোকের মধ্যে রয়েছে।

স্কুল জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার জেলার সব স্কুলে ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের স্কুল কার্যক্রম ও খেলাধুলার আয়োজনও বাতিল করা হয়েছে।

সিলভার রেল প্রাথমিক বিদ্যালয়টি ওরেগনের পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে।

 

Share





Related News

Comments are Closed