Main Menu

কুয়েতে ড্রোন হামলায় ইরানের সম্পৃক্ততা অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হামলার ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। এর মাধ্যমে অঞ্চলে নতুন করে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা করা হতে পারে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইতালিকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে তিনি নিহত ইতালীয় নাগরিকদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

এর আগে হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে। প্রথমে হামলায় চারজন আহত হওয়ার কথা জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। আহত হন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক।

তবে কুয়েতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, বৃহস্পতিবার এ অঞ্চলে কোনো সামরিক অভিযান কিংবা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। ওই সময় কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল কুয়েতের সেনারা।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে মার্কিন সেনাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইরান এর আগে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলার দায় অস্বীকার করে ইরান বলছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন। হামলাকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছে তেহরান।

Share





Related News

Comments are Closed