Main Menu

দুই স্ত্রী হঠাৎ উধাও, দুই দিন পর জঙ্গলে মিলল মাটিচাপা মরদেহ; গ্রেপ্তার দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক: দুই স্ত্রী কোথায়-এমন প্রশ্নের উত্তরে স্বামীদের দাবি, কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন তাঁরা। প্রথমে বিষয়টি নিখোঁজের ঘটনা মনে হলেও পুলিশের সন্দেহ কাটছিল না। টানা জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। অভিযোগ, দুই স্ত্রীকে হত্যার পর নিজেদের অ্যাম্বুলেন্সে করেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল পাশের জেলার একটি জঙ্গলে। সেখানে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয় তাঁদের। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় চাঞ্চল্যকর এ ঘটনায় দুই ভাইয়ের পাশাপাশি তাঁদের মা-বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। হত্যার অভিযোগ উঠেছে তাঁদের স্বামী দুই সহোদর শিব শঙ্কর সাহু ও নবীন সাহুর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্তদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীও।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, গত সোমবার (২৩ নভেম্বর) দুই ভাই তাঁদের স্ত্রীদের হত্যা করেন। পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর নিজের অ্যাম্বুলেন্সে করে দুই নারীর মরদেহ পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে যান। পরে সেখানে মাটি খুঁড়ে মরদেহ দুটি পুঁতে রাখা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই জায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এরপরও কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার পুলিশকে দুই ভাই জানান, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। কিন্তু তাঁদের কথায় সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ সময় জেরার মুখে একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তাঁরা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তবে ঘটনার একটি তথ্য তদন্তকারীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখন কথাবার্তায় অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি তাঁরা। এরপর কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। দুই ভাইয়ের পাশাপাশি তাঁদের মা-বাবার ভূমিকা কী ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed