Main Menu

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। এখন থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসাগুলোতেও শুধু রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। শুক্রবারসহ সপ্তাহের বাকি কর্মদিবসগুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। রাজ্যের সব অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা কার্যকরের জন্য বলা হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গের বহু মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান পরিচালনা করা হতো। দীর্ঘদিনের এই প্রচলিত নিয়ম এবার বাতিলের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণ করতে হবে। রোববার ছাড়া অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাদ্রাসা বন্ধ রাখা যাবে।

রাজ্যের শিক্ষাব্যবস্থায় বিভিন্ন প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মাদ্রাসার ছুটির নিয়মেও এ পরিবর্তন আনা হয়েছে। এর আগে পাঠ্যক্রম, শিক্ষার্থীদের পোশাকবিধি, ফি কাঠামো ও উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটির ক্ষেত্রেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য আনা হলো।

এর আগে চলতি বছরের অক্টোবর মাসে উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়।

এদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করতে এর আগেও পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত সেপ্টেম্বর মাসে অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় নথিপত্র ও অবকাঠামোর অভাব, শিক্ষক-শিক্ষার্থীর অপর্যাপ্ত সংখ্যা এবং আর্থিক তহবিলের উৎস নিয়ে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

Share





Related News

Comments are Closed