Main Menu

৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস

বৈশাখী নিউজ ডেস্ক: আর্থিক দৈন্যদশাকে জয় করে সফলতার নতুন গল্প লিখলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অদম্য তরুণী জান্নাতুল ফেরদৌস জেমি। দরিদ্র বাবার পক্ষে মেয়ের উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করা যেখানে ছিল প্রায় অসম্ভব, সেখানে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে জান্নাতুল অর্জন করেছেন প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বিশাল এক শিক্ষাবৃত্তি।

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) চার বছর মেয়াদি উচ্চশিক্ষার জন্য তিনি এই সম্মানজনক বৃত্তি লাভ করেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সুসংবাদটি নিশ্চিত করেছেন।

জান্নাতুল শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আফজল আলীর মেয়ে। তিনি স্থানীয় জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের টানাপোড়েনের মাঝেও কলেজ কর্তৃপক্ষের নিরন্তর সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে যান এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসব্যাপী বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের ‘সামার স্কুল প্রোগ্রাম’-এ অংশ নেন তিনি। সেখানে নিজের মেধার স্বাক্ষর রাখায় শেভরন ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে তার জন্য এই উচ্চশিক্ষার পথ উন্মোচিত হয়।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জান্নাতুল বলেন, ‘চিঠিটি পাওয়ার পর প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। বারবার পড়ার পর যখন নিশ্চিত হলাম, তখন থেকে নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে শুরু করেছি। আমি চাই আমার মতো অন্য শিক্ষার্থীরাও যেন পরিশ্রমের মাধ্যমে এমন সুযোগ লুফে নিতে পারে।’

মেয়ের এমন সাফল্যে আবেগাপ্লুত বাবা আফজল আলী জানান, আর্থিক সামর্থ্য না থাকায় মেয়ের উচ্চশিক্ষা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। এই বৃত্তি তাকে বড় ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে।

জান্নাতুলের এই সাফল্যে গর্বিত তার শিক্ষাপ্রতিষ্ঠানও। জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জান্নাতুলের এই অর্জন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে, প্রবল সদিচ্ছা আর প্রতিভা থাকলে কোনো প্রতিবন্ধকতাই সাফল্যের পথে বাধা হতে পারে না।

বর্তমানে শায়েস্তাগঞ্জ জুড়ে বইছে আনন্দের জোয়ার, যেখানে জান্নাতুল এখন এক লড়াকু মেধার প্রতীক।

Share





Related News

Comments are Closed