Main Menu

১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০০৮/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৭৬৮ পিস শাড়ি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed