Main Menu

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩,  আহত ১৫ 

বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম (৫০), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতির আশিক।

আহত যাত্রীরা জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িটি ফিটনেসবিহীন ছিলো। ভাংগা রাস্তায় ড্রাইভারের বেপরোয়া গতির কারনেই গাড়ি উল্টে যায় বলে জানান তারা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এএসআই মনজুর বলেন, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতি ছিলো। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ২ জনকে নিহত পান। আরেকজন সদর হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুবরণ করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed