গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধ নিয়ে উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মেয়ে রুকছানা আক্তারকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে কামরুল ইসলামের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় তাকে হাত, পা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকছানা আক্তার এবং জুনেদ আহমদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের পুলিশি পাহারায় রাখা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed