গণভোট: গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন
মো. মাহমুদুল ইসলাম: রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি মতামত গ্রহণের অন্যতম কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হলো গণভোট। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পাশাপাশি এই পদ্ধতি জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও সিদ্ধান্তকে সরাসরি সামনে নিয়ে আসে। একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে যখন জনগণ নিজেই সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়, তখন সেই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক বৈধতা অর্জন করে না, বরং তা হয়ে ওঠে জাতির সম্মিলিত ইচ্ছার প্রতিচ্ছবি। ইতিহাসের পাতায় পাতায় গণভোটের ভূমিকা প্রমাণ করে- এটি নিছক ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, বরং জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ।
গণভোটের শক্তি নিহিত রয়েছে জনগণের সরাসরি অংশগ্রহণে। সংসদ বা রাজনৈতিক দলের সীমার বাইরে গিয়ে সাধারণ মানুষ যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মত প্রকাশের সুযোগ পায়, তখন গণতন্ত্রের পরিসর আরও বিস্তৃত হয়। সংবিধান সংশোধন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন কিংবা শাসনব্যবস্থা নির্ধারণের মতো বিষয়ে গণভোটকে বিশ্বজুড়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে গণভোটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে রাষ্ট্রের পথচলা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের মতামতের গুরুত্ব নতুন কোনো বিষয় নয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ- প্রতিটি অধ্যায়েই জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরাসরি অংশগ্রহণ করেছে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় গণভোটকে জনগণের মত প্রকাশের আরেকটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা যায়। রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সম্মতি প্রয়োজন হলে গণভোট হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য পথ। এটি যেমন জনগণের আস্থা বাড়ায়, তেমনি ভিন্নমতের মধ্যেও ঐক্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, অন্যদিকে গণভোটকে কেন্দ্র করে প্রচারণায় যুক্ত হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রজাতন্ত্রের কর্মচারীরা কেবল রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীই নন; তারা একই সঙ্গে এই দেশের নাগরিক। ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে নাগরিক দায়িত্ব পালনের প্রশ্নে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, গণভোটের প্রচারণা চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের ওপর কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্তদের জনগণের সেবায় সর্বদা সচেষ্ট থাকার কর্তব্যের কথা বলা হয়েছে। একই সঙ্গে নাগরিক হিসেবে আইন মানা, শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের দায়িত্বও তাদের ওপর ন্যস্ত। সেই বিবেচনায় গণভোটে জনগণকে সচেতন করা এবং ভোটদানে উদ্বুদ্ধ করাও নাগরিক দায়িত্বেরই অংশ।
সরকারি কর্মকর্তা- কর্মচারীর পাশাপাশি এবারের গণভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকায় থাকবে তরুণরা। তরুণদের হাত ধরেই ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে সংগঠিত হয়েছিল গণঅভ্যুত্থান। সেই আন্দোলন ছিল কেবল কোনো একক দাবি বা ক্ষণস্থায়ী প্রতিবাদের নাম নয়; বরং তা ছিল দেশের সামগ্রিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া এক ঐতিহাসিক প্রতিরোধ। বৈষম্য, অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে তরুণরা দেখিয়েছিল সাহস, সংগঠন ও সচেতনতার শক্তি। রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সর্বত্র তাদের সক্রিয় উপস্থিতিই আন্দোলনের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল।
আজ সেই তরুণরাই আবারও এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে। আসন্ন গণভোটে দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিয়ামক ভূমিকা পালনের দায়িত্ব তাদের কাঁধেই সবচেয়ে বেশি। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমেছিল, তার বাস্তবায়নের পথ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার সময় এসেছে। রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে গণভোটের পক্ষে জনমত গড়ে তোলা, মানুষকে সচেতন করা এবং ভোটদানে উদ্বুদ্ধ করার কাজে তরুণদের নিরলসভাবে যুক্ত হতে হবে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে- পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি তরুণরাই, আর দেশের ভবিষ্যৎও শেষ পর্যন্ত নির্ভর করে তাদের সচেতন সিদ্ধান্তের ওপর।
এবারের গণভোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- এটি কোনো একক রাজনৈতিক দল বা গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে না। বরং সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদের নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও সমঝোতার মাধ্যমে গৃহীত এই সনদ জাতির জন্য একটি যৌথ পথনকশা হিসেবে বিবেচিত। ফলে এবারের গণভোট শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; এটি জাতীয় ঐকমত্যের প্রতিফলনও বটে। গণভোট একই সঙ্গে জাতির ঐক্যের প্রতীক। ভিন্ন মত ও ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও একটি সিদ্ধান্তে পৌঁছানোই গণতন্ত্রের সৌন্দর্য। সংখ্যাগরিষ্ঠের মতামতকে সম্মান জানিয়ে সংখ্যালঘুর অধিকার রক্ষা করাই গণভোটের প্রকৃত সার্থকতা। এর মধ্য দিয়েই একটি জাতি শেখে- মতপার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে হয়।
পরিশেষে বলা যায়, এবারের গণভোট রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদভিত্তিক রাষ্ট্র সংস্কারের এজেন্ডা- যা বাংলাদেশের সকল মানুষের। এই গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হচ্ছে, যাতে নির্ধারণ করা যায় আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে। জনগণ যখন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, তখন সেই সিদ্ধান্ত ইতিহাসের অংশ হয়ে ওঠে। তাই গণভোট শুধু একটি প্রক্রিয়া নয়- এটি জাতির আকাঙ্ক্ষা, চেতনা ও স্বপ্নের সম্মিলিত প্রকাশ। (পিআইডি ফিচার)
লেখক: তথ্য সহকারী, আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর, সিলেট।
Related News
সিলেট সীমান্তে প্রাণহানি, অপরাধ আর রাজনৈতিক নীরবতার অস্বস্থিকর বাস্তবতা
Manual5 Ad Code হোসাইন আহমদ সুজাদ: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয়Read More
গণভোট : রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক মুহূর্ত
Manual3 Ad Code মো: শুভ : গণভোট হলো রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে জনগণের সরাসরিRead More



Comments are Closed