Main Menu

হবিগঞ্জে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ওবায়েদ মিয়া (২০) হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈ পশ্চিমপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

গ্রেপ্তারের এ তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জুনাইদ মিয়া প্রায় চার বছর আগে বিয়ে করেন। পরবর্তীতে তিনি স্ত্রীর সঙ্গে পৃথক হয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) জুনাইদ তার বাবার বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে সেখানে বসবাসের উদ্দেশ্যে ঘর নির্মাণ করবেন বলে পিতাকে জানান। এ বিষয় নিয়ে পিতার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বাবাকে মারধর করতে উদ্যত হন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছোট ভাই ওবায়েদ মিয়া একটি ইট দিয়ে বড় ভাই জুনাইদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় লাখাই থানায় অভিযোগ দায়ের করা হলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত ওবায়েদ মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed