জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২, আহত ১৫
জৈন্তাপুর প্রতিনিধি: মহান বিজয় দিবসে সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে পিকআপের এবং একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত মোহাম্মদ জিহাদ (২০) নারায়নগঞ্জ জেলার হাজিগঞ্জ ফতুল্লা এলাকার নুরুল হক নুরার ছেলে।
পুলিশ জানিয়েছে, বাসটি পর্যটকদের নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিল। তারা সবাই ঢাকা থেকে সিলেট এসেছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করা হয়।
এদিকে, একইদিন সকালে পৃথক আরেকটি দুর্ঘটনায় একজন আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ৭ নম্বর কূপ সংলগ্ন সিকারখাঁ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও পর্যটকবাহী হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হাইয়েস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় উঠে গেলে সেখানে অবস্থানরত আনসার সদস্য চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আনসার সদস্য মোস্তফা শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। এ ঘটনায় সিএনজি চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত আনসার সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed