যুক্তরাজ্যে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ হামলায় আহত ৯
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ইংল্যান্ডের ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।
ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে যাচ্ছিল। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এই হামলা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১০ জন যাত্রী আহত হন। নিহতের কোনো ঘটনা ঘটেনি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানান, তিনি যে কামরায় ছিলেন, সেখানে একজন যাত্রী এসে কোনোমতে বলেন, “তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা।” এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বিবিসিকে ওই যাত্রী আরও জানান, হান্টিংডন স্টেশনে ট্রেনটি থামা মাত্রই পরিবহন পুলিশের দল ট্রেনে প্রবেশ করে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে পুলিশ হামলা ঘটানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ। রক্তাক্ত এক ব্যক্তি দৌড়ে এসে যাত্রীদের সতর্ক করতে থাকেন। মুহূর্তেই সবাই আতঙ্কে অন্য বগিতে পালাতে শুরু করেন।
আরেকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখা যায়। পরে পুলিশ টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে নেয়।
ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, এটি ছিল একটি ‘বীভৎস ও নিন্দনীয়’ আক্রমণ। তিনি আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত সাড়া দেওয়া জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তদন্ত চলমান অবস্থায় কেউ যেন অনুমাননির্ভর বক্তব্য না দেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এদিকে ঘটনাস্থল দিয়ে চলাচলকারী ট্রেন রুটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আটক দুই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed