Main Menu

সাভারে পার্কিং করা তিনটি বাসে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বাসগুলো পার্কিংয়ে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে সাভারের ব্যাংক টাউন এবং আশুলিয়ার গণকবাড়ি ও সরকার মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকার ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা একটি বাসে (কুমিল্লা জ-১১-০০১৫) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের ডেকোরেশন ও কিছু কাপড়চোপড় পুড়ে গেছে।

অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন স্থানে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটিসহ দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউনের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নেভাতে কাজ করলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা রোধে সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

 

Share





Related News

Comments are Closed