Main Menu

বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী সংযুক্ত একটি খাল থেকে মস্তকবিহীন ও অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার লাশের পকেটে পাওয়া ভারতীয় জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য আলামতের ভিত্তিতে লাশটি একজন ভারতীয় নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় স্থানীয়রা কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত একটি খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বালাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি প্রায় ১০ থেকে ১২ দিন আগের হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লাশের পরনে থাকা প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, একজোড়া চাবি ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগের ভেতর একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র, কিছু ভারতীয় রুপি এবং কয়েকটি ছবি পাওয়া যায়।

ভারতীয় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোষ, সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোষ এবং পরিচয়পত্র নম্বরটি হলো LSY90400099। লাশের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে আমরা অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed