লালাখাল চা বাগানে চা শ্রমিক ঐক্য’র বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের উপর চাপিয়ে দেয়া মাত্র ৮.৯২ টাকা (৫% ইনক্রিমেন্ট) মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং দৈনিক মজুরি ৬শ’ টাকা নির্ধারণ ও ‘গেজেট-২০২৩’ বাতিলের দাবিতে ১৩ আগস্ট লালাখাল চা বাগানে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিক ঐক্য, লালাখাল চা বাগান শাখা।
চা শ্রমিক ঐক্য লালাখাল চা বাগান শাখার সভাপতি সুহেল বুর্নাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, চা শ্রমিক নেতা ও বাগান সভাপতি অরুণ গোয়ালা, বিজন বুনার্জী, সুশেন কুর্মী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন ‘গত ৩০ জুলাই চা শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে সরকার ও মালিক পক্ষ ‘গেজেট-২০২৩’ অনুযায়ী চা শ্রমিকদের ৫ শতাংশ (ইনক্রিমেন্ট) মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। যার ফলে মজুরি মাত্র ৮.৯২ টাকা বেড়ে দাঁড়াবে ১৮৭ টাকায়। যা কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। গত সরকারের সময়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিম্মতম মজুরি বোর্ডের মাধ্যমে ‘গেজেট-২০২৩’ করা হয়। এ অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মূল মজুরি ১৭০টাকা নির্ধারণ করা হয়। সাথে সাথে বছর বছর ৫ শতাংশ ইনক্রিমেন্টের কথা বলা হয়। এর ফলে প্রথম বছর মজুরি ৮.৫০ টাকা বেড়ে হয় ১৭৮.৫০ টাকা। আর এবার ৫ শতাংশ বেড়ে হচ্ছে ১৮৭ টাকা। যা বর্তমান বাজার মূল্যের সাথে একেবারে অসংগতিপূর্ণ। শুরু থেকেই এই ‘গেজেট-২৩’ বাতিলের দাবিতে চা শ্রমিকরা সরব ছিলেন। কিন্তু এখনও এই গেজেট বাতিল করা হয় নি। আমরা এই গেজেট বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মূল মজুরি ৬শ টাকা নির্ধারণের দাবি করছি। এই গেজেট অত্যন্ত সুকৌশলে মজুরি নির্ধারণের আলাপ-আলোচনায় চা শ্রমিক নেতৃবৃন্দকে বাদ দেয়া হয়েছে। এটি এমন এক অগণতান্ত্রিক গেজেট যেখানে বলা হয়েছে যে, একবার গেজেট সম্পাদিত হওয়ার পর চা শ্রমিক প্রতিনিধিরা মজুরির ব্যাপারে আর কোন আলাপ করতে পারবে না। মজুরির বাইরে অন্যান্য ব্যাপারে কথা বলতে পারবে। গেজেটটি ৫ বছরের জন্য সম্পাদিত হয়েছে, এই ৫ বছরের মধ্যে মজুরির ব্যাপারে কোন কথা নেতৃবৃন্দ তুলতে পারবেন না। গত সরকারের অত্যন্ত অগণতান্ত্রিক সিদ্ধান্তের একটি এই ‘গেজেট-২৩’। অথচ সরকার পতন হলেও এখন পর্যন্ত এই গেজেট বাতিল হয়নি। আমরা অবিলম্বে এই অগণতান্ত্রিক গেজেট বাতিলের দাবি করছি। অন্যতায় চা বাগানের ছাত্র-যুবক ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed