কোম্পানীগঞ্জ সড়কে ডাকাতের ফাঁদে পড়ে মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানিগঞ্জ মহাসড়কের তেলিখাল নামক স্থানে ডাকাত দলের বাঁধা দড়ির ফাঁদে পড়ে মোটরসাইকেল আরোহি এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ মোটরসাইকেল আরোহী।
নিহত সবুজ আহমদ (২৫) কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।
স্থানীয় উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছানো মাত্র অন্ধকারে দড়ি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই সবুজ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।
আহত সুমন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলা বাড়ি গ্রামে এবং শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইমরান আলী আরও জানান, নিহত সবুজ আহমেদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আমাদের ২টি টহল টিম ছিল। ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। এর সাথে কারা জড়িত তাদের খুজে বের করার চেষ্টা করছি। নিহত সবুজের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যহত রেখেছি।’
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed