Main Menu

সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে চুরির সময় দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইমুন একই উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বদিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) রাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। গভীর রাতে ওই বাড়ির এক বাসিন্দা টিন কাটার শব্দ শুনে দরজার কাছে গিয়ে দেখেন, কেউ একজন দরজা খুলে ঘরে ঢোকার চেষ্টা করছে। তখন ঘরে থাকা দা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে দরজা ফাঁক করে হাত ঢোকালে ওই ব্যক্তি দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যান।

শনিবার সকালে বাড়ির কাছেই একটি জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় সাইমুনের মরদেহ পাওয়া যায়।

তবে নিহতের পরিবার দাবি করেছে, সাইমুন কোনো চুরি করতে যাননি। তাঁর বোন হুসনা বেগম বলেন, ‘আমার ভাই চোর ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই।’

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক্রাইম) জাকির হোসাইন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির চেষ্টাকালে দায়ের কোপে সাইমুন নিহত হন। ইকবাল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share





Related News

Comments are Closed