Main Menu

মেঘালয়ে কয়লা উত্তোলনে গিয়ে সুনামগঞ্জের যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারিতে আসাদ মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ মে) বিকালে এ খবর নিশ্চিত করেছেন সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তগ্রাম চাঁনপুর পশ্চিমপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে।

একই দিন ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির লাকমা সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কুলাং কয়লা কোয়ারি থেকে স্বজন ও সঙ্গে থাকা অন্য শ্রমিকরা আসাদ মিয়ার (৫০) মরদেহ গ্রামের বাড়ি চাঁনপুর পশ্চিমপাড়ায় পৌঁছে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়াঘাটের সীমান্ত রেখা অতিক্রম করে ওপারে ভারতের মেঘালয়ের কুলাং নামক স্থানে ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠানে দৈনিক মজুরির বিনিময়ে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাহাড়ের কুলাং নামক স্থানে কোয়ারি থেকে কয়লা উত্তোলন করতেন আসাদ মিয়া। তার সঙ্গে যাওয়া অন্য শ্রমিকরা ছিলেন কুলাং কোয়ারিতে।

২৭ মে মঙ্গলবার সকালে কুলাংয়ের গহীন পাহাড়ের গভীর কোয়ারি থেকে যান্ত্রিক পদ্ধতিতে কয়লা উত্তোলনকালে কয়লা উপরে তোলার ক্রেন ছিঁড়ে আসাদের মাথার ওপর পড়লে তিনি কয়লা কোয়ারির গহীনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রসঙ্গত, গত এক বছরে আসাদ মিয়াসহ কমপক্ষে ১৮ জন শ্রমিক মেঘালয় পাহাড়ের গহীনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে, কখনো ভারতীয় কয়লা রফতানিকারকগণের অপরিকল্পিত কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলন কাজে গিয়ে নিহত হয়েছেন।

তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাশ জানান, আসাদ মিয়ার মরদেহ তার নিজ বাড়ি থেকে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের শূন্যরেখা থেকে কমপক্ষে ভারতের ৫০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে ভারতীয় কয়লা রফতানিকারক প্রতিষ্ঠানের হয়ে কয়লা উত্তোলন করতে গিয়ে আসাদ মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকের সঙ্গে থাকা অন্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

Share





Related News

Comments are Closed