Main Menu

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর।

অপহৃত শিশু নাহিদুল হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।

হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার তিন অপহরণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed