Main Menu

বালাগঞ্জের দাপুটে আ’লীগ নেতারা পলাতক, বিপাকে সাধারণ নেতাকর্মীরা

বিশেষ প্রতিনিধি: ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা-কর্মীরা। সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার আওয়ামীলীগের দাপুটে নেতারা রয়েছেন পলাতক। অনেকের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এদের অনেকের উপর মামলা থাকায় পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে আবার আত্মগোপনে আছেন। এতে বিপাকে পড়েছেন সাধারণ নেতাকর্মীরা। পালিয়ে যাওয়ার সুযোগ না থাকায় চরম শংকায় দিন কাঠাতে হচ্ছে তাদের।

স্হানীয় সুত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনহার মিয়া পালিয়েছেন ভারতে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মখলু মিয়া পালিয়ে আছেন আমেরিকায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া লাপাত্তা, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া পালিয়ে আছেন অস্ট্রেলিয়ায়, বালাগঞ্জ উপজেলার ৪নং ওয়ার্ডের জেলা পরিষদের পরাজিত সদস্য জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকুর রহমান পালিয়েছেন কানাডায়, যুবলীগ নেতা হুসেন মাস্টার কানাডা পালিয়ে রয়েছেন, যুবলীগ নেতা এম এ মালেক লন্ডনে পালিয়ে আছেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা জিতু রয়েছেন লন্ডনে, ইতালিতে রয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল, ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল পালিয়ে আছেন ফ্রান্সে, যুবলীগ নেতা জায়েদ আহমেদ পালিয়ে আছেন লন্ডনে, ভারতে পালিয়ে আছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী ও বর্তমান সভাপতি টুটুল পালিয়ে আছেন।

প্রভাবশালী ও দাপুটে এসব নেতারা বিদেশে পালিয়ে বেড়ালেও সাধারণ নেতাকর্মীরা পড়েছেন বিপদে, মামলা হামলার ভয়ে চরম অনিশ্চিত জীবন যাপন করছেন এসব নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবুর রহমান বলেন, আ’লীগ যে নৈরাজ্য, অপকর্ম চালিয়েছে তা পুরা দেশ এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। আর সে জন্যেই সারা দেশের জনগণ এক হয়ে তাদের ক্ষমতাচ্যুত করেছে। যাদের দাপটে পুরো উপজেলা আতংকিত ছিলো, তাদের আজ কোন অস্তিত্বই নেই।

এ প্রসঙ্গে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, সারা দেশের ন্যায় এ থানা এলাকার জনগনও নৈরাজ্যকারীদের প্রতিহত করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।

Share





Related News

Comments are Closed