Main Menu

ছাতকে ভাইয়ের বিরুদ্ধে প্রবাসী বোনের অভিযোগ

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসাসহ ভূমি দখল ও ভাংচুর করার অভিযোগ এনে সাবেক আওয়ামীলীগের উপজেলা যুগ্ন সম্পাদক আওলাদ আলীর রেজার বিরুদ্ধে অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসি দিলারা বেগম ঝর্না নামের এক লন্ডন প্রবাসি। তিনি উপজেলার সুহিতপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর মেয়ে।

গত ৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে ই-মেইলের মাধ্যমে সিলেটের ডিআইজি, সুনামগঞ্জের পুলিশ সুপার, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানার অফিসার ইনচার্জ বরাবরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক এসআই আব্দুস সত্তার।

অভিযোগ সুত্রে জানা যায়, দিলারা বেগম ঝর্ণার নিজ নামীয় ভূমি উপজেলার সুহিতপুর মৌজার এস এ জেএল নং-২৫৩, এসএ খতিয়ান নং-১২৮, এসএ ১৪৯ দাগে ০.০৫৬৭ একর, এসএ ১৪৮ দাগে ০.১২ ৪৪ একরসহ দুই দাগে মোট ০.১৮১১ একর ভূমিতে হযরত আবু বকর সিদ্দিক রাঃ হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মান করেন দিলারা বেগম। এ মাদ্রাসা দখলের চেষ্টায় গত ১৮ আগষ্ট রাত ৮টার দিকে কথিত সুহিতপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা ও তার ভাই ইউসুফ আলী মোহন, ভাতিজা ছাত্রলীগের নেতা এমদাদ আহমদসহ মিলে মাদ্রাসায় প্রবেশ করে দখলের উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায়। সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিক্স, দান বক্স ইত্যাদি খুলে নিয়ে যায়। এসময় তারা মাদ্রাসা ও এতিমখানা বন্ধ করার জন্য মুসল্লিদের হুমকী দেয়। পরবর্তীতে তারা জোর পুর্বক মাদ্রাসার দোকান কোঠার ভাড়া বাবত ৫৭ হাজার ২০০ টাকা ভাড়াটিয়াদের নিকট থেকে হাতিয়ে নেন। এঘটনায় মাদ্রাসার কেয়ার টেকার দিলারা বেগম র্ঝনা কে অবগত করলে তিনি এ অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে প্রবাসী দিলারা বেগম ঝর্ণা জানান, আওলাদ আলী রেজা তার অসংখ্য নগদ টাকা ও জমি বিক্রি করে দেশে ফুর্তি আমদ করেছেন। তার বাবার সম্পত্তি একা ভোগ দখল ও বিক্রি করে যাচ্ছে। বোনদের সস্পক্তির ভাগবাটোয়ারা করে দিচ্ছে না। তাতেও আমি কিছু বলিনি, এখন আমার নিজের ক্রয়কৃত ভূমিতে নিজ অর্থায়নে নির্মিত মাদ্রাসাসহ জমি দখল করার পায়তারা করছে। এছাড়া তাকে দেশে আসলে প্রাণে মারার হুমকী দিচ্ছে, এমতাবস্থায় আমি আইনের দারস্থ হয়েছি।

এব্যাপারে আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন দিলারা বেগম ঝর্ণা তার সৎ বোন। তাকে লন্ডন পাঠানোর সময় জায়গা সম্পতি বিক্রি করে লন্ডন পাঠানো হয়। এসব টাকা পয়সা এখনো ফেরত না দিয়ে এক শ্রেনীর স্বার্থান্বেষী মহলের কু-পরামর্শে আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ দায়ের করে মান সম্মান নষ্ট করছে।

এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম এ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed