Main Menu

হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে চোর সন্দেহে নাসিম শেখ নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত ৩টায় সদর উপজেলার গোপায়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নাসিম শেখ গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামের শেখ আলমগীরের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে নাসিম শেখ স্থানীয় এক গৃহবধূর ঘরে প্রবেশ করে। তখন ওই গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন এসে নাসিম শেখকে আটক করে এবং পিটিয়ে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং পিবিআই পুলিশের মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ইতিমধ্যে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা লাশ গ্রহণ করার জন্য গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন।

 

 

Share





Related News

Comments are Closed