পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিবাদ সম্পাদক পরিষদের
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ধারাবাহিক প্রচেষ্টায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
রোববার (২৩ জুন) এক বিবৃতিতে সম্পাদক পরিষদ এসব কথা বলেছে।
পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদলিপির শেষাংশে অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে। ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্যও অনুরোধ জানানো হয়।
সম্পাদক পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে থাকে। আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন, যা জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়- এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদক পরিষদ মনে করে, সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদলিপির মাধ্যমে পারস্পারিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে পুলিশ অ্যাসোসিয়েশন। প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ।
সম্পাদক পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, যারা এসব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব পালন নিয়ে সংশয় থাকলে নিয়ম ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট সংস্থা প্রেস কাউন্সিলে যেতে পারে। তা না করে প্রতিবাদের মাধ্যমে পারস্পরিক দোষারোপ ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে যেকোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে, যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থি বলে মনে করে সম্পাদক পরিষদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed