Main Menu

সুনামগঞ্জের ৪ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে সুনামগঞ্জের ৪টি উপজেলায় বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

জানা যায়, তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বার চেয়ারম্যান প্রার্থী হয়ে বাজিমাত করেছেন যুবলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন। নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ১৬ হাজার ভোট বেশি পেয়ে চমক দেখিয়েছেন এই নেতা। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৫১৫ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন পেয়েছেন ২০ হাজার ৬৪০ ভোট। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) আবুল কাসেম।

এ ছাড়াও এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলমগীর খোকন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইরীন আক্তার বিজয়ী হয়েছেন।

বিশ্বম্ভপুর উপজেলা পষিদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা ও ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকাদর। নিকটতম প্রার্থীর চেয়ে মাত্র ৪৪৫ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৬০ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বর্মন ঘোড়া প্রতীকে ১৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে তৃতীয় বারের ন্যায় পরাজিত হয়েছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকে পরাজিত হয়েছেন বিএনপির উপজেলার সাবেক সভাপতি (বহিষ্কৃত) মো. হারুন অর রশীদ।

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শাহ মো. দিলাওয়ার হোসেন দিলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাত মরিয়ম বিজয়ী হয়েছেন।

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বার প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। নিকটতম প্রার্থীর চেয়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। মোটরসাইকেল প্রতীকে রেজাউল করিম শামীম পেয়েছেন পেয়েছেন ২৯ হাজার ১১১ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির (সদ্য বহিষ্কৃত) সভাপতি নূরুল হক আফীন্দি আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৯৮ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে ১৩ হাজার ৫৩১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আকবর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মারজানা ইসলাম শিবনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ধর্মপাশায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ। তিনি ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নাসরিন সুলতানা দিপা বিজয়ী প্রার্থীর চেয়ে ৭ হাজার ২৪৮ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬২৫ ভোট। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এ এইচ ওয়াসিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার বিজয়ী হয়েছেন।

চার উপজেলায় ১৮৩টি কেন্দ্রে ৫ লাখ ২৩ হাজার ভোটের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Share





Related News

Comments are Closed