Main Menu

দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান মধুরাম।এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, “এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

 

 

Share





Related News

Comments are Closed