Main Menu

গাজীপুরে ইঞ্জিনসহ ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর রাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত ৭ যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম এবং গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

Share





Related News

Comments are Closed