Main Menu

অবরোধ শুরুর আগের রাতেই ঢাকায় ৪ বাসে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রোববার সকাল ৬টা থেকে। এর আগেই শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সবশেষ রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না এবং বাসের চালক ও সহকারীর কী হলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলিস্তানের আগুনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুইটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন লাগা বাসটি মঞ্জিল পরিবহনের বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। ৭টা ৪০ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ১০ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Share





Related News

Comments are Closed