Main Menu

ফেঞ্চুগঞ্জে পারাবত ট্রেনের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আব্দুস শহিদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পেশায় তিনি একজন এলজিইডি ঠিকাদার। তিনি জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেট ফিরছিলেন আব্দুস শহিদ। দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী।

তিনি জানান, রোববার বেলা দেড়টার দিকে সিলেটমূখী পারাবত ট্রেনের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed