জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, চালক ও হেলপার নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর ওপরে নির্মিত কাটাগাং এলাকার বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিমেন্ট বহনকারী ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ট্রাক চালক ও হেলপারের নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত সিমেন্ট বহন করে ট্রাকটি সেতু পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও অনেকবার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী শহর ঢাকা থেকে ২ ঘণ্টা সময় সাশ্রয় করতে এ রুট গেল দুই বছর ধরে চালু হয়েছে। চালুর পর থেকে এ রুটে যাত্রীবাহী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।
সেতুটি ভেঙে যাওয়ার ফলে বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করবে বলে জানান সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকুর জামান জানান, তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসার পথে অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed