Main Menu

শান্তিগঞ্জে প্রবাসী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত নজর উদ্দিন (৫৫) উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

তার স্ত্রী হেলেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় যান। অনেকক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি বের হয়ে আমগাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উনাকে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে নিহতের ভাই নুর উদ্দিন জানান, আমার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান থাকেন, বিয়ের পর থেকেই উনার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ কারণে তিনি আমাদেরকে ছেড়ে উনার স্ত্রীকে নিয়ে অন্যত্র বাড়ী বানিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। গত কয়েকদিন হয় তিনি দেশে এসেছেন। বুধবার একটি জমি রেজিষ্টারী করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন। বিকাল ৪ টায় বাড়িতে যান পাসপোর্ট আনার জন্য। গিয়ে আর ফিরে আসেননি। তিনি আরও বলেন আমার ভাইয়ের মৃত্যু নিয়ে আমার সন্দেহ আছে। এই ছোট্ট একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। পারিবারিক কলহের জের ধরেই আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের বোন হোসনারা বেগম জানান, বুধবার রাতে আমার ভাই আমাকে ফোন করে বলেছেন আমি বড় যন্ত্রনার মাঝে আছি বোন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা পেছানো ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হত্যা নাকি আত্নহত্যা। তবে পারিবারিক কলহই মৃত্যুর কারণ হতে পারে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed