Main Menu

ফ্যাসিবাদ সৃষ্টিকারীরা দেশের মানুষ ও গণতন্ত্রের শত্রু : মির্জা ফখরুল

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে, তারা দেশের মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এই সমাবেশ করে বিএনপি।

ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দেশের মানুষ জেগে উঠেছে। তাদের (সরকার) পদত্যাগের দাবিতে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ভোটাধিকার পাবার জন্য দিনের পর দিন আন্দোলন করেছে, তিনি তারেক রহমান।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাবলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় হয়েছে। অথচ শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীর বিরুদ্ধেও প্রচুর মামলা ছিল।

তিনি আরও বলেন, তারেক রহমানের সহধর্মিণী, যার পারিবারিক সম্পত্তি ১০ হাজার কোটি টাকা, তাকে ৩৫ লাখ টাকার মামলা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে মামলা দিয়েছে, কীসের? দুর্নীতির! আজকে যিনি অবৈধ ক্ষমতা দখল করে আছেন, তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল দুর্নীতির। সেগুলো তো এই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে পাঠিয়ে দিয়েছেন। পত্রপত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে বহু ছাপা হয়েছে। তিনি পিঠে দিয়েছেন কুলো, কানে দিয়েছেন তুলো।

মির্জা ফখরুল বলেন, এ সরকার ভীরু ও কাপুরুষ। তারা প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন কোন চাপে আছেন কিনা- তিনি বললেন কোনো চাপে নেই, তবে বিবেকের চাপে আছি। আসলে সরকার চোখে অন্ধকার দেখছে। তাই তারা একেক সময় একেক কথা বলছে।

মির্জা ফখরুল বলেন, আজকে বিনা অপরাধে আমাদের নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে, ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে। যারা অবৈধ রায় দিচ্ছেন সেইসব বিচারপতিদের আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। এই ন্যায় বিচারের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। অতীতের কথা সবসময় স্মরণ রাখবেন। সেই শ্লোগানের কথা ভুলে যাবেন না- বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।

তিনি বলেন, আজকে চাল-ডাল, বিদ্যুৎ-জ্বালানির দাম বেড়েছে। সেদিকে সরকারের কোন দৃষ্টি নেই। আজ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসা পান না। ডেঙ্গুতে মারা যাচ্ছে শত শত মানুষ। সেদিকে সরকারে কোন ভ্রুক নেই। কিন্তু তাদের একটাই চিন্তা কিভাবে ক্ষমতায় ধরে রাখা যায়।

তিনি বলেন, আমরা অধিকার আদায়ের আন্দোলনে আছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। এ আন্দোলন চূড়ান্ত আন্দোলন, এবার,অধিকার আদায়ে মরণ যুদ্ধ করতে হবে। আমাদের ঘরে ফিরে যাওয়ার আর পথ নেই।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুব মহাসচিব রুহুল কবি রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিমুল বিশ্বাস প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন,ছাত্রদলের সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed