Main Menu

মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ জুলাই ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার।

এদের মধ্যে মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ জামিনে রয়েছেন এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিতদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, নারীসহ চারজনকে গুলি করে জখমের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে।

চার আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামীর সমর্থক।

Share





Related News

Comments are Closed