Main Menu

সিলেটে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়, আড়াই ঘন্টা পর সচল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে সিলেট অঞ্চলে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা দেয় বলে জানান গ্রাহকরা। এতে এই অপারেটরের নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা।

দীর্ঘ প্রায় আড়াইঘন্টা বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সচল হয় গ্রামীণফোনের নেটওয়ার্ক। বেলা দুইটার দিকে দেশের শীর্ষ এই মোবাইল ফোন অপারেটরের কল আদান-প্রদান শুরু হয়।

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

নগরীর বন্দরবাজারের ব্যবসায়ী মতিউর রহমান জানান, সকাল সাড়ে ১১টা থেকেই তিনি গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না। এতে করে তার ব্যবসার কাজে সমস্যা হচ্ছে, এছাড়া যারা গ্রামীণফোন ব্যবহার করেন, তাদের কেউই তখন নেটওয়ার্ক পাচ্ছেন না।

এসময়ে ভোগান্তিতে পড়ার অভিযোগ জানিয়ে গ্রামীণফোন ব্যবহারকারী অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

এদিকে নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণফোন।সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’

এরপর প্রায় আড়াইঘন্টার চেস্টায় স্বাভাবিক হয় গ্রামীণফোন নেটওয়ার্ক।

 

Share





Related News

Comments are Closed