Main Menu

গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

সোমবার (২৬ অক্টোবর) রাতে এসআরবি-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামুনুর রশীদ (৩৬) এবং সুয়াইবুর রহমান হেছবুর (৩৮)। উভয়ের বাড়ি গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম এলাকায়।

এসআরবি জানায়, নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বালু-পাথরসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক বিরোধের জেরে গত ১০ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হয়ে কাজ শেষে ১১ অক্টোবর ভোরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোয়াইনঘাট থানাধীন বিছানাকান্দি ইউনিয়নের গোরাগ্রাম এলাকায় পৌঁছালে আসামিরা তার পথরোধ করে।

এ সময় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯ এর একটি টিম রবিবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন উশনপুর ও নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ ও ৬ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মামুনুর রশীদ ও সুয়াইবুর রহমানকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed