Main Menu

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করে রক্ত ঝরিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক।

বুধবার (২৯ অক্টোবর) রাতে হাসপাতালে ডাক্তারদের হামলায় রক্তাক্ত আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। সাংবাদিকদের উপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।

পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি।

ওসমানী হাসপাতালের মতো জায়গায় ইন্টার্ন চিকিৎসকদের এধরনের সন্ত্রাসী হামলা সাংবাদিকদের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত উল্লেখ করে যৌথ বিবৃতিতে তারা বলেন, সিলেট ওসমানী হাসপাতালের বেশিরভাগ ইন্টার্ন চিকিৎসক দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন। সাধারণ মানুষ যারা ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদেরকে তারা মানুষই মনে করেন না। যখন তখন রোগী ও রোগীর স্বজনদের উপর হামলা করেন ইন্টার্ন চিকিৎসকরা। এখন তারা সাংবাদিকদের টার্গেট করছেন। কারণ তাদের অপকর্মের প্রমাণ সাংবাদিকদের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। বুধবার রাতে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের সাথে ফৌজদারি অপরাধ করেছেন। তাই এই ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা ও আইনি শাস্তির মুখোমুখি করতে দাবী জানাচ্ছি।

Share





Related News

Comments are Closed