Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের সালির ব্রিজ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২জন গুরুত্বর আহত হয়েছে।

নিহত মামুনুর রশিদ মামুন (১৯) কলেজ ছাত্র এবং ফতেপুর ইউনিয়নের হেমু মাঝেপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র ও ইউপি সদস্য ফারুক আহমদের ছোট ভাই।

আহতরা হলেন একই গ্রামের জাবেদ আলীর পুত্র কাওছার আহমদ (১৮) ও সওয়াব আলীর পুত্র আনিছুর রহমান (২০)।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের সালির ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানাগেছে, বাড়িতে জুম্মার নামাজ শেষ করে তিন বন্ধু মোটর সাইকেল নিয়ে দরবস্ত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহন করতে রওয়ানা দেয়।

পথিমধ্যে তামাবিল মহাসড়কের সালির ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে বন্ধ থাকা একটি বালু বোঝাই ট্রাকের পিছন দিকে মোটর সাইকেল ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মামুনুর রশিদ মামুন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা তাদেরকে উদ্বার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে।

এই ঘটনায় জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন। অন্তত ১ ঘন্টা রাস্তা অবরোধ থাকায় যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্বার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed