Main Menu

জাবির আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল বেরুনী হল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেট অর্গানাইজেশন আয়োজিত ‘১৫তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২২’-এ মওলানা ভাসানী হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল বেরুনী হল।

গত শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

‘আমাদের ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়ার দায় নীতিনির্ধারকেদের নয়, খেলোয়াড়দের’ শীর্ষক বিতর্কে সরকার দল আলবেরুনী হল যুক্তিতর্কের লড়াইয়ে বিরোধী দল মওলানা ভাসানী হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আল বেরুনী হলের হয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শফি মাহমুদ সাগর, জিল্লাল হোসেন সৌরভ ও কে.এম. মেহেরাব সিফাত। এছাড়া মওলানা ভাসানী হলের হয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন নাজিউল ইসলাম শোভন, ফারিম আহসান ও এম. মেহেদী হাসান।

এতে ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন সফি মাহমুদ সাগর ও ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট মনিকা ইয়াসমিন এবং ফারিম আহসান। এছাড়াও প্রতিযোগিতায় বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন রুবিনা জাহান তিথী ও পাবলিক স্পিকিং এ চ্যাম্পিয়ন হন রাতুল হাসান।

এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা বিতর্কে ৬০ জন ও ইংরেজি বিতর্কে ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নবীন বিতর্ক প্রতিযোগিতায় বাংলা বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন সুফিয়া আক্তার এবং ইংরেজি বিতর্কে সেরা হওয়ার গৌরব অর্জন করেন মাহীব রেজা।

Share





Related News

Comments are Closed