Main Menu

উজিরপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন এবং শহিদুল ইসলাম।নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপরে মোল্লা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি মাইক্রোবাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে উজিরপুরের শিকারপুর নামক স্থানে চাকা পাংচার হলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ছয়জন। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শহিদুল ইসলাম নামে আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন বলে জেনেছি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি, গাজীপুরের কোনাবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা মিলে কুয়াকাটা যাচ্ছিলেন। পথিমধ্যে বাসের ধাক্কায় এই ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার (২০ জুলাই) দুপুরে জেলার বাকেরগ‌ঞ্জের হ‌্যা‌লিপ‌্যাডসংলগ্ন এলাকায় বাসচাপায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

Share





Related News

Comments are Closed