Main Menu

কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন এমপি মজিদ খান

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান সাক্ষ্য দিয়েছেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবির বুধবার তার সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে এ মামলায় মোট ৭ জন সাক্ষ্য দিলেন।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষ্য গ্রহণকালে মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীসহ মামলার ২০ আসামী উপস্থিত ছিলেন। এ মামলায় ৬ আসামী বর্তমানে পলাতক। পিটিশন দিয়ে অনুপস্থিত ছিলেন মামলার তিন আসামী।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২২ অক্টোবর কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ৩২ আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হয়। গত দেড় বছরে এ মামলায় মাত্র ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের এক জনসভা শেষে গ্রেনেড হামলায় কিবরিয়া ও তার ভাতিজা মঞ্জুরুল হুদাসহ ৫ নেতাকর্মী নিহত এবং হবিগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহিরসহ ৭০ জন আহত হন। ঐদিন রাতে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক বর্তমান হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান সদর থানায় বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

Share





Related News

Comments are Closed