Main Menu

জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব ১৮ মার্চ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ আগামী ১৮ মার্চ বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন করতে যাচ্ছে।

বুধবার (১৬ মার্চ) ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও কনভেনর অধ্যাপক ড. এম নজরুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপনের কারন ও তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. এম নজরুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি একটি গৌরবের বিষয় এবং সেইসাথে আমরা ভূগোল ও পরিবেশ বিভাগও গর্বিত। যে চারটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তার মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ উল্লেখযোগ্য। খেলাধুলা, সংষ্কৃতি সব দিকেই আমাদের বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিভাগের ৫০ বছর পূর্তি আমাদের জন্য অনেক বড় বিষয়। বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগ আছে তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বৃহত্তম। আমাদের এই গৌরবকে সমুন্নত রাখতেই ৫০ বছর পূর্তি উৎসব পালন করা।’

তিনি আরও বলেন, ‘প্রায় ছয়শত সাবেক ও বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সুন্দর ও সফল অনুষ্ঠান হতে যাচ্ছে বলে আমরা আশাবাদী। সবার আবাধ অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষার্থীদের থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। র‍্যালি শেষে প্রায় ৫০ জন গুনীজনকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি সকাল ৮.৩০ থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় স্মৃতিচারণ এবং র‍্যাফেল ড্র এর মাধ্যমে সমাপ্ত হবে।’

বিজ্ঞপ্তির অনুষ্ঠানসুচির মাধ্যমে জানা যায়, সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হবে সকাল ৮.৩০ হতে ভূগোল ও পরিবেশ বিভাগের পুরাতন সেমিনার লাইব্রেরিতে অতিথিদের উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে। এরপর সকাল ৯.৩০ হতে ১০ টা পর্যন্ত সকালের নাস্তা প্রদান করা হবে। সকাল ১০ টা হতে বিভাগ থেকে একটি র‍্যালি আরম্ভ হবে যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সকাল ১১ টায় শেষ হবে। এরপর সকাল ১১টা হতে দুপুর ১২.৩০ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানার্থে প্রায় ৬০ পাউন্ড ওজনের একটি কেক কাটা হবে। দুপুর ১টা হতে ২.৩০ পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য বিরতি দেওয়া হবে। অবশেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দুপুর আড়াইটা হতে বিকেল ৪ টা পর্যন্ত স্মৃতিচারণ ও এক র‍্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানা যায়, অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার উপস্থিত থাকবেন। এছাড়া, সম্মানীয় অতিথি হিসেবে মডেল গ্রুপের মেনেজিং ডিরেক্টর মি. মাসুদুজ্জামান উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, যে চারটি বিভাগ নিয়ে ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ভূগোল ও পরিবেশ বিভাগ তার মধ্যে অন্যতম এবং ভূগোল ও পরিবেশ বিভাগই সকল বিভাগের পূর্বে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে। এই উৎসবের টাইটেল স্পনসর হিসেবে থাকছে আন্তর্জাতিক মানের দেশীয় ফ্যাশন হাউজ সোলাসতা।

Share





Related News

Comments are Closed