Main Menu

সাগরে ধরা পড়ল বিরল পাখি মাছ

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরের জেলেদের জালে বিরল প্রজাতির ৮টি পাখি মাছ ধরা পড়েছে। গত বুধবার (২৫ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছ ধরা পড়ে।

৮ টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপর ১টির ওজন ৪০ কেজি। পরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মহিপুরের আড়ত পট্রিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

জানা গেছে, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। পরে শুক্রবার মাছগুলো বিক্রি করা হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী পিন্টু ভদ্র এ মাছ কিনেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ সাংবাদিকদের বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং গভীর সমুদ্রে এ মাছ অনেক বেশি পরিমাণে দেখা যায়।

এদিকে বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক জেলের জালে পাঁচটি ও সোবাহান নামের অপর এক জেলের জালে দুটি ‘সেইল ফিশ’ মাছ ধরা পড়ে। সাতটি মাছের মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও অপর তিনটি ৩১ কেজি করে। পরে শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিস নামের আড়তে বিক্রি করতে নিয়ে আসা হয়।

মাছ ব্যবসায়ী মো. ফজলুল হক গাজী জানান, এই অঞ্চলে মাছগুলোর তেমন দাম পাওয়া যায় না। তবে উন্নত বিশ্বে দাম অনেক বেশি।

Share





Related News

Comments are Closed