Main Menu

সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, আক্রান্ত ২৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ২৩ জন করোনা রোগীর মধ্যে ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৮ জন রোগীর ৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জনের মধ্যে একজন সুনামগঞ্জের ও অপ্রজন মৌলভীবাজার জেলার। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রোগীর সিলেট জেলার বাসিন্দা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৯৮৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৪২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ২০৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬২ জন।

Share





Related News

Comments are Closed