Main Menu

যুক্তরাজ্যের সঙ্গে যেসব দেশের ফ্লাইট বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে জার্মানি, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এরপর একে একে দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশ। এছাড়া নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। লন্ডন থেকে বেলজিয়াম পর্যন্ত ট্রেন সার্ভিসও নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপের আরও অনেকেই একই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে স্থল ও সমুদ্রবন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে দেশটিতে।

ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে মারাত্মক উদ্বেগের পটভূমিতে শনিবার হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed