Main Menu

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু প্রায় ১৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনার তাণ্ডব বেড়েই চলেছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। করোনা মোকাবিলায় সব দেশে প্রস্তুতি থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না করোনার তাণ্ডব।

ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৬০ লাখ ৬ হাজার ৭১১ জন। এছাড়া সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৮১ হাজার ৭৫ জন। আর এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৮ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫০০ মানুষ মারা গেছে। শনাক্ত হয়েছে দুই লাখেরও বেশি। দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২০ হাজারের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫০ মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ব্রাজিলে মারা গেছে আরও আট শতাধিক।

শুক্রবার ভারতে প্রাণহানি হয়েছে ৩৫০ জনের। এতে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি। এছাড়া ইতালি, রাশিয়া, মেক্সিকোতেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় শতাধিক করে মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed