Main Menu

সিলেটে আরো ৪৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। এছাড়া গত একদিনে সিলেট বিভাগে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইসময়ে সুস্থ হয়েছেন আরও ৪৩ জন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে ৪০ জন রোগীই সিলেট জেলার বাসিন্দা। আর এদিন বিভাগের মৌলভীবাজার জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে সুস্থ হওয়া ৪৩ জন রোগীর ৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকী ৫জন মৌলভীবাজার ও ২ জন হবিগঞ্জ জেলা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ১২০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৮৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৯৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫৫ জন।

Share





Related News

Comments are Closed