Main Menu

সিলেটে চাঞ্চল্যকর কিশোর হত্যায় ৩ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ফরহাদ হোসেন (১৬) নামের এক কিশোর খুনের ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ এবং একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর) সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিলেটের ওসমানীনগর উপজেলার রনাগলপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ফয়ছল আহমদ (২০), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দূর্গাপুর গ্রামের শৈলেন্দ্র দাসের ছেলে অমল কুমার দাস (২৮) ও ঢাকা জেলার কদমতলা থানার শ্যামপুর পালপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৮)। তবে তিনজনই পলাতক রয়েছে।

অপরদিকে, খালাসপ্রাপ্ত আসামি হচ্ছেন- সিলেট মহানগরীর বিমানবন্দর থানার খাসদবির এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ আহমদ (১৮)। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র ২০১২ সালের ৬ আগষ্ট রাতে সিলেট নগরীর মাছুদিঘির পারে প্রবাহ-৬০ নম্বর বাসার কলোনির একটি রুমে জামালপুর জেলার সরিষা বাড়ি থানার বাইশি দক্ষিণ পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (১৬)-কে নৃশংসভাবে খুন করে মৃতদেহ একটি কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

এ ঘটনায় কোতয়ালি থনার লামাবাজার ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম বাদল বাদি হয়ে কোতয়ালি থানার হত্যা (মামলা নং ৯(৯)১২ ইং) দাখিল করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালি থানার তৎকালিন এসআই রকিবুল হক ২০১৫ সালের ১ জানুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) নং ১৮ দাখিল করেন। আদালত ২০১৬ সালের ১ জানুয়ারি ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

মামলার দীর্ঘ শুনানি ও ২৭ সাক্ষির মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার তিনজনকে ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন করাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed