Main Menu

বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কৃতিসন্তান, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী আর নেই (ইন্না—-রাজিউন)। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে রবিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, রবিবার বিকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে ধানমন্ডিস্থ বাসা থেকে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর তিনি সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা শেষে ওইদিন বাদ এশা দরগাহে হযরত শাহজালাল(র.) মাজার মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার লাশ সিলেট নগরীর রায়নগরস্থ বাসভবনে আনা হবে বলে জানায় পারিবারিক সূত্র।

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ১৯৩৭ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলী মাঝের দক্ষিণভাগ গ্রামে। তাঁর পিতা মরহুম আব্দুল গফুর চৌধুরী ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় হতে মেট্রিক, এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।এরপর তিনি ঢাকা সিটি ল’ কলেজ হতে এলএলবি ডিগ্রি লাভের পর শিক্ষা জীবনের সমাপ্তি টানেন।

১৯৬৩ সালে তিনি আইনজীবি হিসেবে সিলেট জেলা বারে যোগদান করেন। ১৯৭৫ সালের জানুয়ারী মাসে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে সরাসির নিয়োগ লাভ করেন। ১৯৭৯ সালে জেলা জজ হিসাবে পদোন্নতি লাভ করেন। পরে তাঁকে নবগঠিত জামালপুর জেলার প্রথম জেলা দায়রা জজ নিয়োগ করা হয়। দীর্ঘ চাকরি জীবনে তিনি ঢাকা, জামালপুর, ফরিদপুর ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে কমর্রত থাকা অবস্থায় ১৯৮৭ সালের ২৭ জানুয়ারি তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৯৯ সালের জুন মাসে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি হিসেবে তিনি শপথ নেন। এরপর ২০০১ সালের ১ মার্চ দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০২ সালের ১৮ জুন প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন এ প্রধান বিচারপতি। তার স্ত্রী আয়েশা সিদ্দিকী চৌধুরী বছরখানেক আগে ইন্তেকাল করেন।

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed